দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭০৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন। এছাড়া এই সময়ে মৃত্যু হয়েছে ১৩জনের। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৯৯ জন। আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ১৩০ জন।
বৃহস্পতিবার (০৭ মে) দুপুর আড়াইটার দিকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে আক্রান্ত ও সুস্থ হওয়ার তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এছাড়া বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরে ওয়েব সাইটে এক প্রেস বিজ্ঞপ্তিতে মৃত্যুর বিষয়টি জানানো হয়।
ডা. নাসিমা সুলতানা বলেন, নতুন শনাক্ত নিয়ে দেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৪২৫ জন। এছাড়া শেষ ২৪ ঘণ্টায় নতুন করে নমুনা পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার ৮৬৭টি। নমুনা সংগ্রহ করা হয়েছিল ছয় হাজার ৯৮২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক লাখ পাঁচ হাজার ৫১৩টি।
তিনি বলেন, শেষ ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১০৪ জন। মোট আইসোলেশনে আছেন এক হাজার ৭৭১ জন। গত ২৪ ঘণ্টায় হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এসেছেন দুই হাজার ৩৩১ জন। এ পর্যন্ত কোয়ারেন্টিনে এসেছেন দুই লাখ চার হাজার ৩১ জন।
বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে আটজন পুরুষ। পাঁচজন নারী। তাদের মধ্যে ছয়জন ঢাকার। তিনজন ঢাকা বিভাগের অন্য জেলার। এবং চারজন চট্টগ্রাম বিভাগের।








