আজাদীতে আমি যুক্ত আছি তিন দশকেরও অধিক সময় ধরে। সেই থেকে এ পর্যন্ত অনেক গুণী সাংবাদিকের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। সাবেক প্রয়াত সম্পাদক অধ্যাপক মোহাম্মদ খালেদ ও বর্তমান সম্পাদক এম এ মালেকের স্নেহধন্য হওয়ার গৌরব ও আনন্দে আমি অতিক্রম করছি আমার দিনগুলো। এখনো যাঁরা জীবিত আছেন, মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, তাঁরা যেন সুস্থ থাকেন এবং দীর্ঘজীবী হন।
আজকের এই লেখায় আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তাঁদের, যাঁদের আমরা হারিয়েছি। তাঁরা ছিলেন আমার গুরুস্থানীয়। অনেক কিছু শিখেছি তাঁদের কাছ থেকে। তাঁদের ঋণ কখনো শোধ হওয়ার নয়।
সম্পাদক অধ্যাপক মোহাম্মদ খালেদ ছিলেন সর্বমহলে গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব। তিনি ছিলেন দৃঢ়চেতা, যা বিশ্বাস করতেন–তা’ই বলতেন। একজন ধর্মপ্রাণ মানুষ হয়েও আপাদমস্তক তিনি ছিলেন অসামপ্রদায়িক। সব শ্রেণির, সব ধর্মের মানুষের প্রতি তাঁর ছিল মমত্ববোধ। উন্নত মানসিকতাসম্পন্ন মানুষ বলতে যা বোঝায়– অধ্যাপক খালেদ তা’ই। তাঁর চারিত্রিক দৃঢ়তা, পরমতের প্রতি শ্রদ্ধা এবং অন্য ধর্মের প্রতি সহিষ্ণুতা তাঁকে মহীরূহ করে তুলেছে, করে তুলেছে সর্বজন শ্রদ্ধেয়।
সাধন কুমার ধর ছিলেন আমাদের বার্তা সম্পাদক। প্রচার মাধ্যমে জীবন কাটিয়েও প্রকৃত প্রচারবিমুখ ব্যক্তি ছিলেন তিনি। সততা, নিয়ম, নীতি ও শৃঙ্খলাকে যিনি আঁকড়ে ধরে রেখেছিলেন সারাটি জীবন। আমাদের পরম শ্রদ্ধার মানুষ, সৎ সাংবাদিকতার পথিকৃৎ তিনি। তাঁর উন্নত মস্তক, চলায়–বলায় ব্যক্তিত্বের স্ফূরণ, জ্ঞানের গভীরতা, সর্বোপরি পাণ্ডিত্যে আমি মোহিত থাকতাম। মুগ্ধ হতাম আন্তরিকতায়, প্রীত হতাম উৎসাহপূর্ণ আলাপে এবং কৃতার্থ হতাম তাঁর কাছ থেকে কিছু শিখে।
বিমলেন্দু বড়ুয়া সেই সাংবাদিকদের একজন, যিনি একটা মিশন নিয়ে প্রবেশ করেছিলেন সাংবাদিকতায় এবং চার দশকেরও বেশি সময় ধরে নিরবচ্ছিন্নভাবে এ পেশায় ধরে রেখেছিলেন নিজের ব্যক্তিত্ব। তিনি সপ্রাণ ছিলেন সব সময়, স্বতঃস্ফূর্ত ছিলেন, ছিলেন বন্ধুবৎসল। সাংবাদিক হিসেবে তিনি অর্জন করেছেন বিশেষ স্থান। শুধু সাংবাদিক হিসেবে নন, সাহিত্যিক হিসেবেও তিনি পেয়েছেন সম্মান ও খ্যাতি।
ওবায়দুল হক ছিলেন ডাকসাইটে সাংবাদিক। দৈনিক আজাদীর প্রথম চিফ রিপোর্টার। ব্যক্তিগত জীবনে ছিলেন হৃদয়বান, সুন্দর ও উদার মানুষ। ছিলেন একজন রসিক মানুষ। সারাক্ষণই থাকতেন হাসিখুশি। বক্তব্যে আড্ডায় এতটাই প্রাণখোলা ছিলেন, প্রথম সাক্ষাতেই তিনি সবার মন জয় করে নিতেন। শহীদ সোহরাওয়ার্দী, মওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর মতো জাতীয় ব্যক্তিত্বের সংস্পর্শে এসেছিলেন তিনি। বার্লিন প্রবাসে বই লিখে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন।
কাজী জাফরুল ইসলাম ছিলেন এক জাঁদরেল খ্যাতিমান সাংবাদিক। সাংবাদিকতা বিষয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান গবেষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সাংবাদিকতার নানা ধাপে তাঁর কৃতিত্ব ও প্রয়াস তাঁকে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরূপে অধিষ্ঠিত করেছে। বোধে, অনুভবে ও পারঙ্গমতায় তিনি ছিলেন সৎ, সাহসী ও নীতিনিষ্ঠ। সাংবাদিকতা বিষয়ে তাঁর রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ।
মোহাম্মদ ইউসুফ এই জনপদে ছিলেন আরেক বাঘা সাংবাদিক। কর্মে, জ্ঞানে, পাণ্ডিত্যে, ব্যক্তিত্বে এক আদর্শবান ও নীতিবান মানুষ। সাংবাদিকতায় অনুসরণীয় পুরুষ। তাঁর সঙ্গে অন্য কারো তুলনা চলে না। তাঁর মতো মানুষ সমাজে বিরল। ছিলেন নির্লোভ, নিরহংকার ও উদার মনের মানুষ। সাধারণ চলাফেরায় অভ্যস্ত ছিলেন বলে তিনি অর্জন করতে পেরেছেন অনেকের ভালোবাসা।
অরুণ দাশগুপ্ত। সৎ সাংবাদিক, নিষ্ঠাবান প্রাবন্ধিক, মেধাবী গবেষক, বিরলপ্রজ কবি ও গুণী সাহিত্য সম্পাদক। জ্ঞানে পাণ্ডিত্যে অভিজ্ঞতায় একজন অনন্যসাধারণ ব্যক্তিত্ব। সৃজনশীল ও মননশীল জগতের একজন অনুকরণীয় পুরুষ। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, সংগীত, রাজনীতি, দর্শন, ইতিহাস, ঐতিহ্য– এমন কোনো দিক নেই যে তিনি জানতেন না। সব বিষয়ে ছিলো সমান অবগত ও আগ্রহ। লেখক হিসেবে তিনি যতটা খ্যাতিমান, এ জনপদে লেখকের পরিচর্যায় তিনি ছিলেন ততটা উদার। লেখকদের প্রাণিত করতে এবং লেখায় নিবেদিত কর্মীদের উৎসাহিত করতে তিনি ছিলেন অতুলনীয়। চট্টগ্রামে à
