আলোকিত বোয়ালখালী ডেস্ক

বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীশ্রী চণ্ডীতীর্থ মেধস মুনির আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বুলবুলানন্দ গিরি মহারাজ দিব্যধাম প্রাপ্ত হয়েছেন (দিব্যান্ লোকান্ স গচ্ছতু)।

শনিবার (৩১ মে) সকাল ৭টার দিকে আশ্রমে প্রার্থনারত অবস্থায় প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

দেহত্যাগের সংবাদে ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তাঁকে দেখতে আশ্রমে হাজারও ভক্ত উপস্থিত হয়েছেন।

মেধস আশ্রম পরিচালনা পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক নিপুল কুমার দে জানান, শ্রীমৎ স্বামী বুলবুলানন্দ গিরি মহারাজ প্রার্থনারত অবস্থায় দেহত্যাগ করলে সেবায়েতরা তাঁকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

স্বামী বুলবুলানন্দ মহারাজ চন্দনাইশ থানার বড়মা গ্রামে ১৯৫৫ সালে সেনগুপ্ত পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশব থেকে তিনি ব্রহ্মচর্য ব্রত পালন করেন। পরে স্বামী বিবেকানন্দ ব্রহ্মচারীর সান্নিধ্যে এসে দীক্ষা গ্রহণ করেন। এরপর ধর্ম প্রচারের লক্ষ্যে ভারত-বাংলাদেশের বিভিন্ন মঠ মন্দির পরিভ্রমণ করেন। বাবা রামদেবের আদেশে তিনি মহাকুম্ভ ও হরিদ্বার দর্শন করেন।

গত ৪০ বছর যাবৎ তিনি মেধস আশ্রমের অধ্যক্ষ ও সেবায়েত হিসেবে দায়িত্ব পালন করেছেন। সন্ন্যাসমতে আশ্রম প্রাঙ্গণে যথাযথ ধর্মীয় মর্যাদায় এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় তাঁকে সমাহিত করা হয় বলে জানিয়েছেন মেধস আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক স্বদেশ চক্রবর্তী।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here