নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে বৈদ্যুতিক তারে জড়িয়ে অপূর্ব চৌধুরী (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার (২৩ মে) দুপুর ১২টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের পূর্ব ধোরলা গ্রামে এ ঘটনা ঘটে।
অপূর্ব ওই এলাকার বিকাশ চৌধুরীর ছেলে। সে কানুনগোপাড়া অখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়তো।
স্থানীয় ইউপি সদস্য পংকজ চন্দ জানান, অপূর্ব বাবা বিকাশ চৌধুরী ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন।তাদের বাড়ির পাশে অপূর্বর জেঠা তপন চৌধুরীর পাকা ভবন। সেখানেই থাকতো অপূর্ব। শনিবার দুপুরে অপূর্ব জেঠির সাথে ভবনের ছাদে মরিচ শুকাতে দিতে গেলে ওই ভবনের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।
তিনি বলেন, ভবনের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার সরিয়ে নিতে ২০০৮ সালে পল্লী বিদ্যুৎ অফিসে আবেদন করেছিলেন তপন চৌধুরী। চলতি বছরের জানুয়ারি মাসে টাকাও জমা দিয়েছিলেন তিনি।
পল্লী বিদ্যুৎ সমিতি-১ বোয়ালখালী অফিসের ডেপুটি জোনাল ম্যানেজার মো. রফিকুল আজাদ বলেন, এ বিষয়ে কেউ জানায়নি, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।










