নিজস্ব প্রতিবেদক:
অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে মাঘের হাড় কাঁপানো শীতে পরিবার পরিজন নিয়ে খোলা আকাশে নিচে বসবাস করা ২৫ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে কালের কন্ঠের শুভ সংঘ।
বোয়ালখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৫ পরিবারের সদস্যরা অর্ধহারে অনাহারে মানবেতর জীবন যাপন করছিলেন। এসব মানুষের কাছে গিয়ে হাত বাড়িয়ে আর্থিক অনুদান তুলে দেন শুভ সংঘ পরিবার।
অসহায় মানুষের পাশে আর্তমানবতার সেবায় সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে শুভ সংঘ পরিবার।
আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ‘শুভ কাজে সবার পাশে’ এ শ্লোগান নিয়ে বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডী মুন্সীপাড়া ও পশ্চিম কধুরখীল এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে নগদ ৬০ হাজার টাকা তুলে দেন শুভ সংঘ।
বৈদ্যুতিক র্শট সার্কিট থেকে আগুন লেগে পৌরসভার মুন্সী পাড়া বাদামতল এলাকা ও পশ্চিম কধুরখীল রিভার ভিউ এলাকায় ২৫ পরিবার ক্ষতিগ্রস্ত হন।
আর্থিক সহায়তা প্রদানকালে ছিলেন বোয়ালখালী শুভ সংঘের সভাপতি এসএম মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিন, প্রবাসী ব্যবসায়ি আবুল হাশেম, কালের কন্ঠের বোয়ালখালী প্রতিনিধি কাজী আয়েশা ফারজানা, শুভ সংঘের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ওয়াহিদুল আলম, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল-হাসান শাওন, সাহিত্য সম্পাদক সৈকত দাশ,কার্যকরী সদস্য, মো. লোকমান, বিজয় দে,প্রান্ত দাশ,আসলাম উদ্দিন ও দেবাশিষ দাশ জয়।











