কে. এ. এইচ মিঠু
প্রধান বিচারপতি বলেছেন, ‘সিসি ক্যামেরা বসিয়েও অনিয়ম রুখতে পারছি না, কার্যতালিকার ফাইল আগপিছ করে অনেকে কোটিপতি বনে গেছে’। দেহঘরের সিসি ক্যামেরা ঠিক থাকলে দুনিয়ার ক্যামেরাও ঠিক থাকবে। কিন্তু দেহঘরের নিরাপত্তার জন্য তেমন কিছুই করি না। দুনিয়ার ঘরবাড়ি-অফিস-আদালতের নিরাপত্তার জন্য আমরা কত কিছুই না করি। অথচ এ তিনতলাবিশিষ্ট দেহঘরের আট কুঠুরিতে ৯টি দরজার নিরাপত্তায় আল্লাহ কত খাদেম সরঞ্জামাদিসহ রেখে দিয়েছেন তার হিসাব কি কোনোদিন করেছি?
দেহের সবচেয়ে আকর্ষণীয় অঙ্গ হল মুখমণ্ডল। মুখটাই মনের আয়না, এ আয়নাতে চোখ পড়লেই হৃদয়ে প্রেমের জোয়ার বয়। মানবপ্রেম যখন জাগ্রত হবে তখন অনিয়মের ক্লেদ দূর হয়ে যাবে। ‘লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকভিব।
আল্লাহ বলেন, আমি মানুষকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। সুন্দরের আগমনে অসুন্দর দূর হবে- এটাই স্বাভাবিক। আল্লাহ দেহঘরের নিরাপত্তার জন্য দু’কাঁধের হার্ডডিক্সের ওয়েবক্যাম চোখের লেন্সের মাধ্যমে ফিট করেছেন মুখমণ্ডলে। এ ওয়েবক্যামের হার্ডডিক্স নানা দুষ্টু হ্যাকারদের কবলে হ্যাক হয়ে যায়, ফলে চোখ ভুল সিগন্যাল দিয়ে আমাদের বিপদে ফেলে। ভাবুক কবি বলেন,
‘গিয়েছিলাম ভবের বাজারে/ ছয়চোরায় যে চুরি করে বান্দলো আমারে…..
তারা একে একে খালাস পাইলো আমায় দিলো জেলখানা
জনম দুঃখী কপাল পোড়া গুরু আমি একজনা…..’
আল্লাহ বলেন, ‘ইন্নাল্লাজিনা ইয়ুহিব্বুনা আনতাশিয়াল ফাহিশাতা, যারা অশ্লীল অশুভ ছড়িয়ে পড়াকে পছন্দ করে। লাহুম আজাবুন আলিমুন ফিদ্দুনিয়া। তাদের জন্য দুনিয়ায় রয়েছে পীড়াদায়ক শাস্তি’। সেই শাস্তিই হল সমাজের অনিয়ম বিশৃঙ্খলা পারিবারিক অস্থিরতা।
বলছিলাম খোদায়ী সিসি ক্যামেরা চোখের কথা। মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরই চোখ আমাদের দেহঘরে নানা ধরনের সিগন্যাল দিয়ে যাচ্ছে বিরামহীনভাবে। চশমার লেন্স প্রতি বছর বদলাতে হয়। কিন্তু চোখের লেন্স চলছে অবিরাম। এর নিরাপত্তার জন্য আল্লাহ দিয়েছেন চোখের পাতা। তার কাজ চোখের আর্দ্রতা রক্ষার জন্য পলক ফেলা। চোখের পাতার সুরক্ষায় দিয়েছেন পাঁপড়ি। একটু ধুলা সামনে দিয়ে উড়ে গেলে এই পাঁপড়ি মনের অজান্তেই চোখকে নিরাপত্তায় ঢেকে ফেলে।
আল্লাহ প্রতিটি চোখের জন্য সত্তরজন ফেরেশতা নিয়োজিত রেখেছেন, অনেক সময় দেখা যায় ছোট ইটের কণা বা ধাতব পদার্থ হঠাৎ চোখ বরাবর এসে চোখের তারায় না লেগে আশপাশে আঁচড় কেটে নিচে পড়ে যায়। কে এ কাজ করে?
কখনও কি ভেবেছি আমরা? চোখ তার সামনে পড়ে সিগন্যালগুলো যথাযথভাবে দু’কাঁধের হার্ডডিক্সে পাঠিয়ে দেয়। হার্ডডিক্স তা যাচাই করে। ভালো সিগন্যালগুলো ডান কাঁধে মন্দগুলো বাম কাঁধের মেমোরিতে রেকর্ড করে ফেলে। ভালোর প্রভাব হৃদয় স্পর্শ করে।







