মো: নাজমুল ইসলাম
২০/২৫ বছর আগে গ্রামের চিত্রটা অনেকটাই অন্যরকম ছিল। তখন গ্রামে কেউ সরকারি চাকরি পেলে বা করলে তাকে একটু অন্য চোখে দেখা হতো। বিশেষ করে সেনাবাহিনীতে চাকরি করলে তো কথাই নেই।
ছুটিতে বাড়িতে গেলে সবচেয়ে বেশি গ্রামের মুরব্বিদের সঙ্গে আড্ডা হতো। তারা সেনাবাহিনী, দেশ-বিদেশের গল্প শুনতে চাইতেন। আমরাও গল্প করতাম, শুনতাম।
তখনকার গ্রাম ও মানুষগুলো যেন অন্যরকম ছিল।
চাচা-চাচি, ভাই-বোন, প্রতিবেশী—সম্পর্কগুলোর মধ্যে একটা অর্গানিক ব্যাপার ছিল।
একজনের বিপদ মানে অন্যজনেরও চিন্তা।
কারও বাড়িতে বিয়ে—সবাই ছুটে যাচ্ছে।
কারও অসুখ—সবাই খোঁজ নিচ্ছে।
কারও বাড়িতে সমস্যা—নিজের সমস্যা মনে করে পাশে দাঁড়াচ্ছে। সবকিছুতে একটা সেক্রিফাইসিং মেন্টালিটি ছিল।
কিন্তু সময় বদলেছে।
আজ থেকে ২০/২২ বছর আগে আমার পাশের বাড়িতে যে ছেলেটা জন্ম নিয়েছিল, আজ তার বয়স প্রায় ২২ বছর। সত্যি বলতে কী—আমি তাকে ঠিকমতো চিনি না।
এমন আরও কত ছেলে-মেয়ে, কত পরিবার—যাদের সঙ্গে একসময় একই পাড়ায় বড় হয়েছি, অথচ চাকরির কারণে বছরের পর বছর বাইরে থাকায় তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা আর তৈরি হয়নি।
এই সময়টায় আমরা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরেছি। কেউ ঢাকায়, কেউ চট্টগ্রামে, কেউ বিদেশে, কেউ সেনানিবাসে।
আর আমাদের অনুপস্থিতিতে গ্রামও বদলে গেছে।
একসময় যাদের সঙ্গে চায়ের দোকানে বসলে বিলটা দিয়ে দিতেন,রিকশায় উঠলে ভাড়া, রেস্টুরেন্টে, আরো কত ঘোরাঘুরি,সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা—
অবসরের কিছুদিন পর তারাই যেন সবচেয়ে বেশি অচেনা।
আর সবচেয়ে বড় অবাক ব্যপার অবসরের পর যখন আমরা গ্রামে ফিরে আসি, তখন বুঝতে শুরু করি—আমরা যে গ্রামটা মনে রেখে ২৫ বছর আগে বের হয়েছিলাম, সেই গ্রামটা আর নেই।
এখন পাড়ায় পাড়ায় নেতা। কর্মী না— সবাই পদ-পদবি চান।পদ না পেলে নিজেরাই একটা কমিটি, একটা সংগঠন কিংবা একটা দল বানিয়ে বসেন।
অবসরের প্রথম বছরেই আবার অনেক বুদ্ধিদাতা এসে হাজির হন—
“ভাই, টাকা বসিয়ে রাখবেন না।এই ব্যবসায় দেন। স্টক মালের ব্যবসা করেন। ওই জায়গায় ইনভেস্ট করেন, মাটি কেনেন। কিন্তু এখানেই আসল বিষয়টা অন্য জায়গায়।
অবসরের পর গ্রামে ফিরে শুধু বাড়ি বানিয়ে বাকি জীবনটা শান্তিতে কাটাব—এই হিসাবটা সবসময় বাস্তবের সঙ্গে মেলে না।
জমির আইল নিয়ে ঝামেলা।
এক শতক তো দূরের কথা—এক ফুট, এক ইঞ্চি জায়গা নিয়েও বিরোধ।
বাড়ি করতে গেলে মাটি কে দেবে, বালি কে দেবে, ইট কোথা থেকে আসবে, ঠিকাদার কে হবে, শ্রমিক কারা কাজ করবে—এসব নিয়েও কখনও কখনও অপ্রত্যাশিত ঝামেলা তৈরি হয়। অনেক ক্ষেত্রে দেখেছি লাঞ্চনার স্বীকার হন অনেকে। অল্প বয়সী, ছেলের বয়সী, ছোট ভাইয়ের বয়সী এরা অনেক ক্ষেত্রে খারাপ ব্যবহার করতে ২ মিনিট চিন্তা করে না। এরা না বুঝে ম্যনারস আছে সেই মানসিকতা।।
আত্মীয়-স্বজনের মধ্যে জমি ও পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ। বাড়ির বেড়া কোথায় হবে, পাঁচিল কতটুকু এগোবে— এসব নিয়েও সম্পর্ক নষ্ট হতে পারে।
আর সবচেয়ে কষ্টের জায়গাটা কী জানেন?
যে চাচার সঙ্গে ছোটবেলায় এক থালায় খেয়েছেন, যে প্রতিবেশীর বাড়িতে গিয়ে অবাধে বসেছেন , যে ভাইয়ের সঙ্গে সুখে-দুঃখে পাশে ছিলেন —অবসরের পর কখনও কখনও সেই মানুষদের সঙ্গেই এক টুকরো জমির সীমানা নিয়ে কথা কাটাকাটি হয়। অপ্রত্যাশিত মনোমালিন্য হয়
এই আঘাতটা বাইরের মানুষের সঙ্গে ঝামেলার চেয়েও বেশি কষ্ট দেয়।
কারণ বাইরের মানুষকে আপনি ভুলে যেতে পারেন।
কিন্তু আপন মানুষ যখন অচেনা হয়ে যায়, তখন কষ্টটা অন্যরকম।
আরেকটা বিষয় আছে—সন্তান।
আপনি হয়তো সারাজীবন শহরে ছিলেন।
আপনার সন্তানও শহরের পরিবেশে বড় হয়েছে।
অবসরের পর হঠাৎ তাকে গ্রামে নিয়ে এসে বললেন—
“এখানেই এখন থেকে থাকব।”
কিন্তু তার স্কুল কোথায়? কলেজ? বিশ্ববিদ্যালয়?
যাতায়াত কীভাবে হবে?
তারপর যদি সে খুব দ্রুত স্থানীয় রাজনীতি, পাড়া-মহল্লার গ্রুপিং, নানা ধরনের সামাজিক টানাপোড়েনে জড়িয়ে পড়ে—তখন তার পড়াশোনা, ক্যারিয়ার, ভবিষ্যৎ—সবকিছুর ওপর প্রভাব পড়তে পারে।
অবশ্যই সবাই এমন সমস্যায় পড়েন না।
অনেকেই খুব সুন্দরভাবে গ্রামে ফিরে গেছেন।
জমি-জমা বুঝে নিয়েছেন, সবার সঙ্গে ভালো সম্পর্ক রেখেছেন, রাজনীতি থেকে দূরে থেকেছেন, সন্তানদের ভবিষ্যৎও সুন্দরভাবে পরিকল্পনা করেছেন।
তাদের কোনো সমস্যা হয়নি।
কিন্তু সবার পরিস্থিতি এক নয়।
তাই আমার ব্যাক্তিগত পর্যালোচনা অনেক ভাইকে দেখে ও তাদের থেকে শুনে যে অভিজ্ঞতা তা হলো—
অবসরের পর গ্রামে ফিরবেন কি ফিরবেন না—এটা আবেগ দিয়ে ঠিক করবেন না।
আগে দেখুন—
আপনার গ্রামের পরিবেশ কেমন।
আপনার সঙ্গে স্থানীয় মানুষের সম্পর্ক কেমন।
জমি-জমা নিয়ে কোনো পুরোনো বিরোধ আছে কি না।
সন্তানদের ভবিষ্যৎ কীভাবে চলবে।
চিকিৎসার ব্যবস্থা কেমন।
নিয়মিত আয়ের ব্যবস্থা আছে কি না।
আপনি স্থানীয় রাজনীতি ও সামাজিক টানাপোড়েন থেকে নিজেকে দূরে রাখতে পারবেন কি না।
কারণ অবসরের পর সবচেয়ে বেশি দরকার শান্তি।
বাড়ি নিজের হলেই শান্তি নিজের হয় না।
জমি নিজের হলেই নিরাপত্তা নিজের হয় না।
আর গ্রামের মাটিতে জন্মেছি বলেই অবসরের পর সেই মাটিতে গিয়ে বসবাস করতেই হবে—এমন কোনো নিয়মও নেই।
আমাদের অনেকের মনে এখনও ২৫/৩০ বছর আগের একটা গ্রাম বেঁচে আছে।
সেই গ্রামের নদী, সেই মাছ, সেই চায়ের দোকান, সেই চাচা-চাচি, সেই প্রতিবেশী, সেই আন্তরিকতা।
কিন্তু আমরা যখন ২৫/৩০ বছর পর ফিরে আসি, তখন হয়তো দেখি—
গ্রামটা আছে, বাড়িটাও আছে, জমিটাও আছে—শুধু সেই মানুষগুলো আর আগের মতো নেই।
তাই অবসরের পর গ্রামে ফিরবেন কি না—সিদ্ধান্তটা নিন স্মৃতির গ্রামের ওপর নয়, আজকের বাস্তব গ্রামের ওপর।
কারণ অবসর জীবনে সবচেয়ে বড় সম্পদ শুধু জমি-বাড়ি নয়—
শান্তিতে থাকার মতো একটা পরিবেশ।
সার্জেন্ট অবসর ( বাংলাদেশ সেনাবাহিনী)
নোট: কিছু ভাইয়ের জীবন থেকে নেওয়া।









